সোমবার, ১৬ নভেম্বর, ২০০৯
একটি জনজাদুঘরের সন্ধানে
প্যালেস্টাইনের জনজাদুঘর
প্যালেস্টাইনের জনজাদুঘর ১
প্যালেস্টাইনের জনজাদুঘর ২
দাতাসংস্থাগুলোর টাকায় বাংলাদেশে এনজিও-দের করা জনজাদুঘর বা গণজাদুঘর নামে বেশ কিছু জাদুঘর আছে। এমন কয়েকটি জাদুঘরের খোঁজ পেয়ে আমি সেগুলো দেখতে গিয়েছিলাম, প্রথম প্রথম যে অভিজ্ঞতাটি হতো তা হলো- জাদুঘর জিনিসটা যে উন্মুক্ত একটা ব্যাপার এই ধারণাও প্রতিষ্ঠাতাদের ছিল না। প্রায়শই আমাকে শুনতে হতো- এখন জাদুঘর খোলা যাবে না, অফিস থেকে অর্ডার দিলেই কেবল খোলা হবে। কবে সাধারণত খোলা হয় জাদুঘর? যখন বিদেশ থেকে কেউ আসেন।
এরপর থেকে যে এনজিও-র জাদুঘর দেখতে যাই, তাদের একজন কর্তাকে সাথে নিয়ে যাই। সে অভিজ্ঞতাও হতাশাব্যঞ্জক। প্রথমত, সংগৃহীত/উপস্থাপিত নিদর্শনের মধ্যে সবচেয়ে সাধারণ (কমন) হলো- ধান ও ধানচাষ সংশ্লিষ্ট কিছু জিনিসপত্র। এরপর থাকে যেগুলো তা হলো, কিছু গেরস্থালী জিনিস যা বিলুপ্তির পথে, শিলপাটা, ঢেঁকি, কাসার বাসনকোসন ইত্যাদি টাইপের জিনিসগুলো। তারপর এনজিও-টির কিছু প্রকাশনা- পোস্টার, লিফলেট, বইপত্র ইত্যাদি। আর কিছু যে থাকে না, তা না (দুএকটা ব্যতিক্রমী জাদুঘর আমাকে অবাক করে দিয়ে অফিস খোলা দিনগুলোতে খোলাই ছিল)। তবে মোটের ওপর এই ধরনেরই।
জনজাদুঘর করার জন্য জনগণের যে অংশগ্রহণ প্রয়োজন সেটি ওই জাদুঘরগুলোর বেশিরভাগের ক্ষেত্রে একেবারেই ছিল না। সবচেয়ে দুঃখজনক হলো- জনজাদুঘর মানেই যে একটা উৎসব উৎসব ভাব, একটা প্রাণে প্রাণ মেলানোর ব্যাপার থাকে এইসব জাদুঘরে সেটি পুরোপুরি অনুপস্থিত।
একটি জনজাদুঘরের পরিকল্পনা আমরা করছিলাম গত ৪/৫ বছর ধরেই। সত্যিই আমরা জানি না, যেমন একটি জাদুঘরের স্বপ্ন আমরা দেখছি, তেমনটি করতে পারবো কিনা; তবে আমাদের দলের ছেলেমেয়েদের স্পৃহা অসীম। এই স্পৃহাই আমাদের নিরন্তর প্রেরণা জোগাচ্ছে একটি প্রাণবন্ত জাদুঘর প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে। খুঁটিনাটি পরিকল্পনা সব সেরে ফেলেছি, এমন নয়। তবে তো আর কোনো কথাই থাকতো না। ধান, পাট থাকবে আমাদের জাদুঘরে- হয়তো; তবে প্রাণের ঐকতানটাকেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি।
এই জাদুঘরটি আমরা জনসচেতনতার জন্য করতে চাই না; বিশ্বশান্তি- নিদেনপক্ষে ওই এলাকাটিতে শান্তি প্রতিষ্ঠার জন্যও না; দেখো আমাদের কী সম্পদ আছে, এই অহমিকা তৈরির জন্যেও না। আমরা এটি করতে চাই, মানুষের শক্তি ও দুর্বলতা, মানুষের অর্জন ও অপরাধ, পরিবেশ ও ইতিহাসের সাথে মানুষের অভিযোজনশীলতা, মানুষের প্রকাশের আনন্দ ও অপ্রকাশের বেদনা- মোট কথা মানুষের অনুভূতিকেই অনুভব করার একটা জায়গা তৈরি করতে চাই। প্যালেস্টাইনের জনজাদুঘরটিতে এক বৃদ্ধ নারী তার উদ্বাস্তু জীবনের গল্প শোনাচ্ছিলেন অন্যদেরকে। প্যালেস্টাইনের মানুষের কাছে উদ্বাস্তু জীবনের গল্প? মা-র কাছে মামাবাড়ির গল্পের মতোই ব্যাপার! তবু কিশোরকিশোরীরা তো বটেই, ওই উদ্বাস্তু নারীর অনেক সহযাত্রীও বার বার তার গল্প শুনে আপ্লুত হয়েছেন, আয়নাতে যেন নিজেকেই বার বার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছিলেন। (মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে “মুক্তিযুদ্ধের গল্প শোনো” প্রকল্পটি তাই এতো জনপ্রিয় হয়েছিল)
জাদুঘরের কাজ আসলে খুব কঠিন। বিশেষ করে টাকাপয়সার কথা ভেবে ব্যাপারটা আমাদের কাছে এক সময় খুব অসম্ভব বলেই মনে হয়েছিলো। কিন্তু কিছু কিছু ব্যাপার আমাদেরকে বার বার আমাদের স্বপ্নের কাছে ফিরিয়ে আনে। টিমমেটদের স্পৃহা-টা তো আছেই, বাইরের কিছু প্রভাব-ও আছে। শিল্পকলা একডেমীর কনজারভেশন ল্যাবরেটরিতে যখন কাজ করতাম, অফিস সহকারী মীজান ভাই করতেন আমাদের দশগুণ কাজ। অফিসে বসে ফাইলপত্র নাড়াচাড়া করলেই তার চলতো, কিন্তু কিছু লোক আছেন যারা আরেকটু বেশি কিছু করেন, তিনি তেমন-ই একজন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনেক পিছিয়ে থাকলেও, অনেক কাজেই তিনি এখনও আমাদের একমাত্র ভরসাস্থল। জনজাদুঘরের জন্য নগর থেকে কিছুটা দূরে কিন্তু যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো এমন একটা জায়গা খুঁজছিলাম আমরা। মীজানুর রহমান আমাদের সেই সমাধান দিয়েছেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাগাতীতে পাঁকা রাস্তার ধারে তার ৮ শতাংশ জমি এই জাদুঘরের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাই আমাদের জানিয়েছেন, আমরা যদি সত্যিই জাদুঘরের কাজ শুরু করি, তাহলে তিনি তার অংশের ৮ শতাংশ জমিও দান করবেন।
মীজান ভাইয়ের জমি আর আমাদের স্বেচ্ছাশ্রমের সঙ্গে এবার আপনার একটু সাহায্য চাই; এখনও জাদুঘরের নামে কোনো একাউন্ট আমরা খুলিনি, সুতরাং টাকাপয়সা চাচ্ছি না (ভবিষ্যতে লাগলে জানাবো); যা চাচ্ছি তা হলো পরামর্শ। অনেকেই আছেন যারা দেশবিদেশের অনেক জাদুঘরেই গেছেন এবং/অথবা জানাশোনা/পড়াশোনাও অনেকের অনেক ভালো। সুতরাং আপনার মতামত খুবই কার্যকরী হতে পারে এই জনজাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগে।
আর একটা অনুরোধ-ও এর পাশাপাশি করি। তা হলো- আপনাদের কারো কাছে যদি “পুরনো দিনের আবর্জনা” ধরনের জিনিস কিছু থাকে, বাপদাদার আমলের লোটাবদনা, ঘড়ি-ছড়ি, পুরনো বইপত্র, যা-ই হোক, যা ভাগাড়ে ফেলে রেখেছেন, ঝেটিয়ে বিদেয় করতে চান তাড়াতাড়ি, আমাদের খবর দিন। আমরা আপনার কষ্ট লাঘবের চেষ্টা করবো।
রবিবার, ১৫ নভেম্বর, ২০০৯
বালিয়া মসজিদ সংরক্ষণ : গুইসাপ


এই ছবিগুলো আজ (২ নভেম্বর ২০০৯) দুপুরে তোলা, ঠাকুরগাঁওয়ের বালিয়া মসজিদের সংরক্ষণ কাজ করতে করতে আমরা যেসব প্রাণীকুলের দেখা পেয়েছি, তার মধ্যে উনাদের জ্ঞাতি-স্বজনরাও ছিলেন। আমরা উনাদেরকে নিকটস্থ কবরস্থানে পুনর্বাসনের জন্য চেষ্টা করেছি। এই পুনর্বাসন প্রকল্পের (!) বিরোধিতাকারী কিছু দখলবাজ পুঁজিবাদী অথবা সকল সম্পত্তিতেই সকলের অধিকার আছে এমন কম্যুনিস্ট অথবা তোমাদের সম্পত্তিতে আছে অসহায়দের অধিকার এমন আয়াতের ভুল ব্যাখ্যাকারী মৌলবাদী অথবা জানিনা কোন্ মতবাদে বিশ্বাস এমন- যাই হোক, উনি আমাদের কথা রাখলেন না, উনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। বাংলার ঐতিহ্য যে ভবন সেই ভবন দখল আর বাংলার স্বাধীনতায় হস্তক্ষেপ কোনো না কোনো অর্থে তো সমান হতেও পারে। বিস্তর অনুসন্ধানের মধ্য দিয়ে আমরা যেসব লুকায়িত হানাদার বাহিনীকে পাকড়াও করতে সক্ষম হয়েছি, তাদের মধ্যে আজকের উনিও একজন।
উনার গ্রেফতারের কাহিনী সাদ্দামের গ্রেফতারের কাহিনীর মতোই রোমাঞ্চকর। একটি হন্তারক ব্যাঙ পথ হারিয়ে আমাদের ভবন-অভ্যন্তরে ঢুকে পড়ে, তার বিশাল বপু নিয়ে সে বেশি লাফাতেও পারছিল না, ইতোমধ্যে যে দু'চারটি ঘাসফড়িং হত্যা করে এসেছে, এটা তার ঠোটে লেগে থাকা ঘাসফড়িংয়ের রক্ত দেখেই বোঝা যাচ্ছিলো। কিন্তু বাবার-ও বাবা আছে, দাদার-ও দাদা। যেই না এই খুনি ব্যাঙ আমাদের ভবনে প্রবেশ করে, তৎক্ষনাৎ প্রায় শূন্যে ঝাপিয়ে পড়ে তাকে দখল করে বক্ষমান গুইসাপ। প্রথম ছবিটিতে গুইসাপের পাশে যে মৃত ব্যাঙটিকে দেখতে পাচ্ছেন, সেটিই ছিল ওই হতভাগা ব্যাঙ। এই অতি লোভাতুর হত্যাকাণ্ডের কারণেই আজ গুইসাপের এই পরিণতি। আমাদের সংরক্ষণ কাজের একজন শ্রমিক ছিল এই হত্যার রাজসাক্ষী। নিধিরাম সর্দার হিসেবে অচিরেই এই শোক সংবাদ আমি পাই এবং ক্যামেরা নামক মারণাস্ত্র ব্যবহার করে তাকে অচিরেই তাকে পিছু হটতে বাধ্য করি এবং কবরস্থানে প্রেরণ করি। দুর্ভাগ্যজনকভাবে হিজরতকালে তিনি ব্যাঙটি ফেলে যান। এখানে উল্লেখ্য যে, মান দেবো তবু জান দেবো না নীতিতে বিশ্বাসী এই বর্বর গুইসাপটি সদর পথে প্রস্থান না করে ছাদ বেয়ে পেছনের পথে প্রস্থান করে। দ্বিতীয় ছবিতে তার সেই প্রস্থানের চিত্রই প্রস্ফুটিত হয়েছে।জাতের নামে বজ্জাতি সব
আমি শুনেছি ইউরোপ-আমেরিকায় অনেকে নাকি এখনো বাংলাদেশ-কে পাকিস্তানের অংশ মনে করেন, কেউ কেউ ভারতের একটা প্রদেশ-ও ভাবেন। বাংলাদেশের মানুষকে অবলীলায় ইন্ডিয়ান বা অন্য কোনো জাতীয় হিসেবে চালিয়ে দেন। কিংবা অনেক বাংলাদেশিও নিজেকে বাংলাদেশি না বলে প্রথম পরিচয়টা ইন্ডিয়ান বা এই ধরনের কিছু বলেন। আর মুসলিম? ‘দুইপাতা ইংরেজিপড়া' মুসলমানদের অনেকেই ইসলামী রীতি তো দূরের কথা পারলে বাংলার ইতিহাস থেকে মুসলিম শাসনের ৭০০ বছর-ও মুছে দিতে চান।
অবস্থা কতোটা ঘোরতর বুঝবেন, যখন সরকারপ্রধান '৭২-এর সংবিধানে প্রত্যাবর্তনকেই এইদেশের উন্নয়নের জন্য জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন দেখুন প্রথম আলোর সংবাদ। ব্যক্তিগতভাবে আমি '৭২-এর সংবিধান পছন্দ করি না, তবে আমার পছন্দ করার চেয়েও অনেক বেশি করে সেটি পছন্দ করেন না এই দেশের অবাঙালিরা। কারণ এখানে জাতীয়তাবাদ বলতে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে, মহান নেতা বলেছেন- তোমরা সব বাঙালি হ'য়া যাও। এখানে ধর্মনিরপেক্ষতা মানে ইসলামিয়া কলেজের নাম বদলে হবে নজরুল কলেজ কিন্তু নটরডেম, হলিক্রস, রামকৃষ্ণ কলেজের নাম থাকবে যেমনছিলতেমন। যেন বাঙালিত্বেই সব জাতীয়তাবাদ, যেন অনৈসলামেই সব ধর্মনিরপেক্ষতা।
জাতীয়তা আসলে কি? সমাজবিজ্ঞান এমন এক অদ্ভুত বিজ্ঞান যা কোনো কিছুর স্থির ব্যাখ্যা দিতে পারে না। জাতীয়তার ধারণা এমনভাবে বদলে গেছে বিভিন্ন সময়ে, এক সময়ের ধারণা অন্য সময় প্রায় উল্টো। তিনটি সবচেয়ে প্রভাবশালী ধারণার কথা আমরা বলি প্রায়ই- একটা হলো মৌলবাদী, আরেকটা যন্ত্রবাদী আর তৃতীয়টা নির্মাণবাদী। মৌলবাদী ধারণাটা এখন সমাজবিজ্ঞানে সবচেয়ে অচল, কিন্তু ওইটাই আমরা সবচেয়ে বেশি বলি। আমার বাপ-দাদা যেই জাত আছিলো, আমি কি সেই জাত না? আমি কি এই দেশের আদিবাসী না? মণিপুরীরা তো আইছে বিদেশ থেকে, আমার দাদা-পরদাদারা এই দ্যাশের আসল আদিবাসী ইত্যাদি ইত্যাদি এটিই মৌলবাদী ধারণা। অর্থাৎ প্রধানত রক্তের সম্পর্ককে ভিত্তি করে যে জাতীয়তাবাদী ধারণা গড়ে উঠেছে, সেটিই হলো মৌলবাদী জাতীয়তাবাদ। অনেকে একে মূলবাদী, অনেকে প্রাথমিকবাদী অনেকে আদ্যবাদী বা আদিবাদী ইত্যাদি ভাবে বঙ্গায়ন করেছেন। এই তত্ত্বে পার্শ্বপ্রতিক্রিয়া হলো- বংশগরিমা। প্রথমে সৈয়দ পরিবার সেরা, পরে সৈয়দ বংশ সেরা, পরে সৈয়দপুরবাসী সেরা, পরে সৈয়দস্তান-এর মানুষ পৃথিবীর সেরা জাতি, তারপর সৈয়দদের গায়ের রঙ যেহেতু কমলা, সুতরাং পৃথিবীর সকল কমলা মানুষ-ই সেরা, এইভাবে এটা একটা পুরা রেসিস্ট জাতীয়তাবাদে পরিণত হয়। ব্রিটিশদের হাতে রোপিত হলেও জার্মানদের হাতে এই বৃক্ষ ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে। গুস্তাফ কোসিনা এই ক্ষেতের মূল চাষী; হাইনরিখ হিমলার এবং আলফ্রেড রোজেনবার্গ কিছুটা কামলা দিছে।
যন্ত্রবাদী ধারণাটি হলো জাতীয়তা নির্ণয়ের একটা যন্ত্র নির্ধারণ। অর্থাৎ স্বাতন্ত্রসূচক একটা উপাদান (যন্ত্র) খুঁজে বের করে ওইটার সাপেক্ষে জাতীয়তাবাদ নির্ণয়। ওরা যেহেতু বাংলায় কথা বলে সুতরাং ওরা সব বাঙালি, ওরা যেহেতু সব বাইবেল পড়ে সুতরাং ওরা খ্রিস্টান জাতি, ওরা যেহেতু সব লাল পুঁতির মালা পরে সুতরাং ওরা সব লালমালা* জাতি। এইভাবে একটা কিছু খুঁজে বের করে ঐক্য তৈরি করা। কাঠামোবাদী, উপযোগিতাবাদী ইত্যাদি নানা নামে একে চিহ্নিত করা হয়েছে। তবে নামের সাথে মিলিয়ে সংজ্ঞার সামান্য হেরফের আছে, মূল ঘটনা এক-ই। যাই হোক এই সংজ্ঞাও কার্যত অকার্যকর। কারণ দেখা গেছে, একই ভাষায় কথা বললেও ইংরাজগুলা মোটেই এক জাতি হিসেবে পরিচিত হতে চায় না। অথবা এক ধর্ম হইলেও মুসলমানগুলা সব ফাঁক পাইলেই স্বাধীন হইয়া যায়। এইসব নানা কিসসা কাহিনী দেইখা সমাজবিজ্ঞানীরা কইলো, না থাউক, এইভাবে হইবো না, অন্য রাস্তা দেখি।
নির্মাণবাদীরা এইবার ধরলো ব্যক্তিকে। অর্থাৎ একজন ব্যক্তি কিভাবে সর্বব্যাপী ও সাধারণ ব্যক্তি হয়, তার চেষ্টা। দৈহিক গড়ন, নাম, ভাষা, ইতিহাস, ধর্ম ইত্যাদি নানা ধরনের যাতাকলে পিষ্ট করে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে কোথায় সবচেয়ে বেশি খাপ খায় সেই বিষয় জানার চেষ্টা করে। এইভাবে ব্যক্তির বিভিন্ন চর্চা, সংস্কৃতি, পরিপ্রেক্ষিত, ইতিহাস ইত্যাদির আলোকে একই সমাজে নানা স্তরায়ন করে জাতীয়তাকে ভাঁজে ভাঁজে সাজাইলো। এর ফলে বাঙালি হিন্দু, বাঙালি মুসলামান, বাংলাদেশি বাঙালি, ভারতীয় বাঙালি, বাংলাদেশি মুসলমান বাঙালি, বাংলাদেশি হিন্দু বাঙালি, বাংলাদেশি নিম্নবর্গের মুসলমান বাঙালি ইত্যাদি নানা ভাবে জাতীয়তাকে চিহ্নায়নের চেষ্টা করে। এর থেকে ‘তোমার দেশ কই?- নোয়াখালী, তোমার জাত কি?- জাইল্যা' এইটা অনেক বেশি যুৎসই মনে কইরা, সমাজবিজ্ঞানীরা কি করি কি করি একটা ধান্দায় পড়ে গেল।
(চলবে)
*লালমালা জাতি নামে আসলেই একটা জাতি চিহ্নিত করা হয়েছিল।
৭৭২ কিস্তির মেগা উপন্যাস : সপ্তম কিস্তি
ডেন্টাল ভাস্করের প্রকৃত নাম ভাস্কর নিবেদন। লাল সালু আন্দোলনের নিবেদিত কর্মী বলে তার নাম ভাস্কর নিবেদন, নাকি তিনি নিবেদন শব্দটি বেশি উচ্চারণ করেন বলে এই নাম, নাকি এটি তার মাতৃপিতৃপ্রদত্ত নাম, তার কিছুই আমি জানি না। ক্যাম্পাসে আসার পর আমি জেনেছি, তিনি চলে যাচ্ছেন। মানে তার পড়ালেখা শেষ, সুতরাং কয়েকবছরের মধ্যেই তিনি ক্যাম্পাস ত্যাগ করবেন। একজন বিদায়ী কমরেডের নাম-রহস্য উদ্ঘাটন না করে বরং তার কাছ থেকে তার মহোত্তম গুণাবলি অর্জনের চেষ্টাই অধিকতর ফলদায়ী বলে চলমান কমরেডরা পরামর্শ দিলেন।
তার গুণ-রহস্য জানার চেষ্টায় প্রথমেই জানতে পারলাম, তিনি এক মহান দন্ত-বিশারদ। টুথপেস্ট এবং ব্রাশ এ দুটি পণ্য পুঁজিবাদের ধারক ও বাহক বলে তিনি এই সমস্ত ব্যবহার করেন না। মার্কস ও এঙ্গেলসের মন্ত্রণাগ্রন্থসমূহে দন্তের কোনো মন্ত্র না থাকায় প্রাকৃতিক ও পরিবেশবান্ধব জ্ঞানের ব্যবহারের মাধ্যমেই দন্ত-যত্ন-সমস্যার সমাধান করতে হবে, এটিই ছিল তার মত। প্রকৃতির অন্য সকল প্রাণী ও উদ্ভিদ দাঁতের যত্নে যে পদ্ধতি ব্যবহার করে থাকে, মানুষকেও সেই পরিবেশবান্ধব পদ্ধতিই গ্রহণ করতে হবে।
পরে অবশ্য আমি জেনেছি, শেষ দিকে ভাস্কর নিবেদন-এর অপর দু’একটি নাম অঙ্কুরেই বিনষ্ট হয়, সেগুলো হলো ফোম ভাস্কর, বাবল ভাস্কর ইত্যাদি। কেননা শোনা যায়, বুদবুদ বা ফেনোদ্গম করে (যেমন- টুথপেস্ট, সাবান, শ্যাম্পু ইত্যাদি) এমন সকল পুঁজিবাদী পণ্যের বিরুদ্ধেই নাকি তিনি জেহাদ ঘোষণা করেছিলেন।
শঙ্কু ও শমী বিষয়ক রুদ্ধদ্বার বাহাস যখন ভেতরে চলছিল, হঠাৎ দরোজায় বিকট শব্দে লাথি-ঘুষির শব্দে আমরা চমকিত হলাম। শত্রুলীগ বা শত্রুদলের কে এই অকস্মাৎ আক্রমণ করলো- এই বিষয় নিয়ে কমরেড ন্যান্সি এবং কমরেড পত্তর-এর মধ্যে কিছুটা বিবাদের পর কমরেড মাসুমবাচ্চা দরজা খুলে দেওয়াই শিশুসুলভ কাজ হবে বলে রায় দিলেন। যে কোনো ব্যাপারে শিশুরাই সবচেয়ে যথার্থ সিদ্ধান্ত দিতে পারে বলে কমরেড মাসুমবাচ্চা মনে করেন। তবে বাচ্চা শব্দটি শিশুবান্ধব হয় না বিধায়, কমরেড বাচ্চু বলে তার বিশেষ খ্যাতি ছিল।
এবং ডেন্টাল ভাস্কর। দরজায় দাঁড়িয়েই তিনি নিবেদন করলেন- ‘বিভিন্ন মহল থেকে এই ঘটনা সম্পর্কে যেসব তথ্য আমার কাছে নিবেদিত হয়েছে, তাতে আমার মনে হয়েছে, এই বিষয়ে আমার কিছু নিবেদন রাখা দরকার’। তিনি আরও নিবেদন করলেন- যেহেতু উভয় কমরেড দৃষ্টিপাত শাস্ত্রের শিক্ষার্থী এবং তিনি নিজেও দৃষ্টিপাত বিভাগের প্রাক্তন ছাত্র সুতরাং এই সমস্যায় তার দৃষ্টি নিবেদন অত্যন্ত জরুরি।
দরজার কাছাকাছি কেদারাসমূহে যেসব কমরেডরা বসেছিলেন, তারা সমস্বরে হাঁচতে হাঁচতে দ্রুত কমরেড নিবেদন-এর জন্য আসন ছেড়ে দিলেন এবং নিজেরা একযোগে দূরবর্তী কমরেড কুদ্দুসের পাশে দাঁড়িয়ে গেলেন। বিষয়টি অস্বস্তিকর দেখালেও উদ্ভূত পরিস্থিতিতে এর কোনো বিকল্প ছিল বলে আমার মনে হয় না।
কুদ্দুস পুনরায় মুখ খুললেন- হ্যা শঙ্কু, তুমি বলো- পত্তর অথবা ন্যান্সির সাথে কালুভবনের সামনে বসে না থাকে, কেন তুমি শমীর সাথে বসে থাকো?
কমরেড পত্তর বললেন- এই বিষয়ে শঙ্কুকে একটি কারণদর্শানোর চিঠি দেওয়া হোক।
কুদ্দুস বলেই চললেন- বুঝলাম, তোমরা উভয়েই কালু অনুষদের শিক্ষার্থী, উভয়েই দৃষ্টিপাত বিভাগে একই বর্ষে পড়ো, কিন্তু তাই বলে কালুভবনের সামনে কেন তোমরা একসাথে বসে থাকবা? লাল সালু আন্দোলনে ব্যক্তিবাদের কোনো জায়গা নাই, তোমার যদি কোনো বিশেষ বোধ জাগে, সেই বোধ তুমি ন্যান্সির সাথে আলাপ করো, পত্তরের সাথে আলাপ করো। একটি অষ্টাদশী শিশুর সাথে তোমার আলাপের রহস্য কি? এটি তো শিশু নির্যাতনের সামিল।
পত্তর বললেন- শিশু নির্যাতন বিষয়ে শঙ্কুকে কারণ দর্শানোর জন্য একটি চিঠি দেয়া যেতে পারে।
বাচ্চু এই পর্যায়ে বললেন- এটিকে আপনারা শিশু নির্যাতন না বলে, শিশুদের সাথে সখ্য-ও বলতে পারেন, এবং তাতে আমি তো দোষের কিছু দেখি না।
নূরুল কুদ্দুস হুংকার দিয়ে উঠলেন- কারো ব্যক্তিগত দেখা না দেখা দিয়ে তো আর লালখাতা বাধাই হয়নি। কোটি কোটি বছর ধরে মানুষ তিলে তিলে যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের দেনাপাওনার হিসেবনিকেশ ওই খাতায়। কোটি কোটি বছর ধরে নির্মিত সেই লালখাতার আমরা ধারক ও বাহক। ব্যক্তিগত ভাললাগা, মন্দলাগা, স্বপ্ন, আকাঙ্খা এইসব পুঁজিবাদী চিন্তা থেকে আমাদেরকে কোটি কোটি হাত দূরে থাকতে হবে। তুমি একজন মহারাজ হয়ে এমন মহাপাপ করতে পারলে কিভাবে?
এতোক্ষণে আমার বোধোদয় ঘটলো, শঙ্কুর পুরো নাম তো শঙ্কু মহারাজ। তবে কি একদা তিনি অন্য কোনো রাজ্যের রাজা ছিলেন? তাই কি এতো প্রশ্ন? আমাদের রাজ্যে এসেছেন আমাদের রাজকন্যা হরণ করতে? কমরেড কুদ্দুস কতকটা তেমনই ইঙ্গিত দিলেন। এরপর তিনি একে একে বলতে লাগলেন, কি কি পাপাচার তারা করেছে। এক সাথে এক বাসে করে সুদূর ঢাকা পর্যন্ত তারা ভ্রমণ করেছে এবং এই দীর্ঘ ৬* ঘণ্টার ভ্রমণে তারা পাশাপাশি সীটেও হয়তো বসেছে। এবং এটি কি ইঙ্গিত বহন করে? কমরেড চীৎকার করে জানতে চাইলেন- আদিম বিকৃতির প্রকাশ নয় এটা?
পটকা ফাটানোর মতো চীৎকার শুনে ভয়ে, নাকি কথা শুনে লজ্জায়, কেন জানি না এই পর্যায়ে শমী ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিল।
*১৯৯৭-৯৯ সালে আরিচা রোড সংস্কারের কারণে ঢাকায় যেতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগতো।
*** বিশেষ দ্রষ্টব্য: এই উপন্যাসের ৭ম/৮ম পর্বগুলো সচলে খসড়া আকারে লিখে রেখেছিলাম, আমার নিজের ভুলে না সচলের ভুলে জানিনা, সেগুলো ডিলিট হয়ে গেছে; নতুন করে লেখার কোনো আগ্রহই পাচ্ছিলাম না। ঠাকুরগাঁওয়ে এই মুহূর্তে আমি একটু বসে বসে অলস সময় কাটাচ্ছি, অন্যরা কাজ করছে; কিন্তু আমি অসুস্থতার ভাণ করে কম্পিউটার নিয়ে বসে আছি। আর সকলেই তো জানেন- অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
রাজকুমার মুরগির বাচ্চা হতে চেয়েছিল
বখতিয়ার খলজি (আসলে ইখতিয়ার খিলজি)-র ‘বঙ্গবিজয়’ বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল মিনহাজ-ই-সিরাজ রচিত তাবকাত-ই-নাসিরি; এই গ্রন্থের ভূমিকায় লেখক বলছেন- ‘এই গ্রন্থের তথ্যসমূহ একেবার নির্ভুল, অকাট্য ও প্রামাণ্য, কেননা এখানে সরাসরি সেই প্রত্যক্ষদর্শীর বিবরণ দেওয়া হয়েছে, যিনি এই কাহিনী শুনেছেন তার নানার কাছে এবং তার নানা এটি শুনেছেন সেই ব্যক্তির কাছে, যার সাথে দেখা হয়েছিল এমন এক ব্যক্তির যিনি বখতিয়ার খলজির কোনো এক অভিযানে সরাসরি অংশগ্রহণ করেছিলেন’। এতোই প্রামাণ্য সেই ইতিহাস!
রাজকুমারের সোনালী রঙের চামড়ার ব্যাগটার ভেতর কী কী জিনিস আছে, তা নিয়ে আমার জানা বৃত্তান্ত অনেকটা তাবকাত-ই-নাসিরির মতোই, পরম্পরায় শুনেছি ওই ব্যাগের ভেতর নাকি রাজকুমার সাপ পুষতেন, প্রয়োজনের সময় সাপের বিষ জিবের ডগায় নেয়ার জরুরত ছিল। রাজকুমার নিজেও ওই ব্যাগের সাবধানতা বিষয়ে যারপরনাই সচেতন ছিলেন। আমি একবার কি একটা জিনিস খুঁজতে কাছে গিয়ে ওই ব্যাগ ছোঁয়ামাত্র রাজকুমার তেড়ে আসলেন, ব্যাগের ভিতরে কি আছে না জেনে ব্যাগ খুলতে যাস কোন্ সাহসে? ইত্যাদি ইত্যাদি। এবং তারপর বৃত্তান্ত শুনে সন্তর্পণে ব্যাগের এক কোণা খুলে ভেতরে হাত ঢুকিয়ে আরো সন্তর্পণে জিনিসটা বের করে আনলেন। প্রত্যক্ষদর্শীর মনে হবে, সত্যিই হয়তো ব্যাগের ভেতরে সাপখোপ আছে, না হলে এতো সাবধানতার কারণ কী? আমার সন্দিগ্ধ মন অবশ্য বলে, প্রায় দুই দশক ধরে ব্যবহারের কারণে ব্যাগের চেইনের অবস্থা ছিল শোচনীয়, ফলে একবার খোলা হলে তা লাগাতে যথেষ্ট বেগ পেতে হয় বলে রাজকুমার যারপরনাই সতর্কতার সাথে ব্যাগের চেইন খোলা-লাগানোর কাজ করতেন এবং অন্য কাউকে ব্যাগ খুলতে দিতেন না। এবং সেই সাথে ফুটনোট দিয়ে দিচ্ছি, রাজকুমার সম্পর্কে যদি কেউ কখনোও কোনো অভিযোগ আনেও রাজকুমার অলস ছিল, এই অভিযোগ কেউ আনতে পারবে না। ফলে আলস্যের কারণে ব্যাগের চেইন বদলানো হয়নি, ব্যাপারটা তা না। আসলে ব্যাগের চেইন সারানোর মতো ১৫ টি টাকা হয়তো রাজকুমারের হাতে কখনো আসেনি। যদি আসতোও তা দিয়ে যে সে কি করতো তা খোদাই মালুম, কেননা মাত্র ১ টাকা পকেটে নিয়ে এই লোক ঢাকা থেকে ইন্ডিয়া ভ্রমণ করে এসেছেন। সেই গল্পেই যাচ্ছি।
রাজকুমার আর আমি ছাড়াও তখন আমাদের বাড়িতে গরু, ছাগল, বাঞ্ছিত কুকুর ও অবাঞ্ছিত বিড়াল, কবুতর এবং হাঁসের পাশাপাশি একগাদা মোরগ-মুরগিও ছিল। বাড়িতে ডিম খাওয়ার মানুষ নেই দেখে সেই ডিম ফুটে ফুটে বাচ্চা হতে হতে মুরগির পাল-ও হয়েছিল বিশাল। একটা মোরগ তো আমার ঘরেই থাকতো, প্রতিদিন সকালে আমার ঘুম ভাঙিয়ে বাইরে বেরিয়ে যেত এবং সন্ধ্যা হলে গৃহপ্রবেশ। মজার ব্যাপার ছিল, ওই মোরগটা কখনও আমার ঘর নোংরা করেনি, লক্ষ্মী ছেলের মতো বসবাস করতো। (এই গল্প পরে অন্য একদিন বলবো)
রাজকুমার আমাকে বললেন, জন্মান্তর হলে মুরগির বাচ্চা হবো রে!
-বাচ্চা? কিন্তু বাচ্চা তো চিলে নিয়ে যায়।
-আরে, মা আছে কি করতে? চিল তো চিল, স্বয়ং ***** আসলেও...। বাচ্চা নেওয়ার সময় মুরগির রি-অ্যাকশন দেখছিস?
-রি-অ্যাকশন দেখে কি হবে? বাচ্চা যদি নিয়েই যায়?
-আরে, সবসময় মুরগির পাখনার নিচে লুকিয়ে থাকবো রে!
-কিন্তু বড়ো তো হয়ে যাবা, রাজকুমারদা!
-আরে না, বড়ো হবো ক্যান্? বাচ্চা হয়েই থাকবো। ভগবানের যদি জন্মান্তর-দানের ক্ষমতা থাকে, চিরকাল তবে বড়ো হতে না দেওয়ার ক্ষমতা-ও থাকা উচিৎ।
বাবরি মসজিদ নিয়ে তুলকালাম কাণ্ডকারখানার পর রাজকুমার পরিবার ভিটেমাটি ও চাষাবাদের জমিজমা বিক্রি করে মামার দেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিলো, দেশমাতা নাকি জন্মদাত্রী মা এই বিতর্ক রাজকুমারের মনে এসেছিলো কিনা জানিনা, তবে তরুণ রাজকুমার তখন বাবা-মা-পরিবার-আত্মীয়পরিজনের সঙ্গে ইন্ডিয়া না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এবং সেই থেকে বাংলাদেশে ভূমিহীন, পরিবারহীন এক সংখ্যালঘু পরিণত হলেন।
কিন্তু প্রায়ই রাতের বেলা রাজকুমার হঠাৎ ঘুম ভেঙ্গে মা বলে চেচিয়ে দেশমাতৃকা না মা দুর্গা না জন্মদাত্রী মাতা, কার কথা ভাবতেন এটা বোঝা দুঃসাধ্য ছিল। মায়ের সাথে দেখা করতে যাচ্ছি বলে, পকেটে এক টাকার একটা কয়েন নিয়ে একদিন শাহবাগ থেকে রওনা হলেন রাজকুমার। অনেকেই হয়তো জানেন, বিশ্ববিদ্যালয়ের বাসে ঢাকা থেকে জাহাঙ্গীরনগর আসতে বাসভাড়া লাগে এক টাকা। ভক্ত-বন্ধুদের খাতিরে পকেটের এক টাকা পকেটে রেখেই রাজকুমার ক্যাম্পাসে এসে পৌঁছুলো এবং তারপর শুরু করলো মানিকগঞ্জ যাবার ভাড়ার জন্য ঘ্যানঘ্যান, বেশি না মাত্র ১০ টাকা হলেই শুভ যাত্রা বা নবীনবরণে মানিকগঞ্জ যেতে পারে। জন্মভূমিতে শৈশবের বন্ধুবান্ধবদের কাছ থেকে আরো ১০-১৫ টাকা ম্যানেজ করে আরিচা ঘাট, পদ্মা পেরুলেই রাজবাড়িতে আত্মীয়ঘর। সেখান থেকে কিছু জোগাড় করে কোনো মতে ঝিনেদায় গোলাম রসুলের কাছে যেতে পারলেই সে-ই বেনাপোল হয়ে বর্ডার পাড় হওয়ার ব্যবস্থা করে দেবে। অদূরপ্রসারী পরিকল্পনা উপস্থাপনের কৌশলে শামীম, বিশ্বসহ কতিপয় ভক্তঅনুরাগী তার সাথে আরিচা ঘাট পর্যন্ত রওনা হলো; একটা ভ্রমণ-ও হলো, রাজকুমারেরও একটা গতি হলো। আরিচা ঘাটে রাতের আড্ডা সেরে শামীমরা ক্যাম্পাসে আর রাজকুমার পূর্বপরিকল্পনা অনুসারে মায়ের দর্শনে চললো। আমরা শুনেছি, বর্ডারের গ্রামগুলোতে তাকে ২-৩ দিন থাকতে হয়েছিল এবং কোনো কোনো সময় তাকে একটানা ২৪ ঘণ্টাও হাটতে হয়েছিল। এবং প্রথমবার মামাবাড়ি গিয়ে সে দূরে দাঁড়িয়ে তার মায়ের কাছে খবর পাঠায়- রাজকুমার এসেছে। দেশত্যাগের সিদ্ধান্তের কারণে বাবার প্রতি যে ক্ষোভ ছিল তার, তা প্রথমবার ভারতভ্রমণে প্রকাশ করে রাজকু বাবার সঙ্গে দেখা না করে। মায়ের সাথে ১ ঘণ্টার মতো দেখা করে আবার যে পথে গমন ওই পথেই প্রত্যাবর্তন করে ক্যাম্পাসে। গোলাম রসুল তাকে ব্যাপক সাহায্য করেছে বলে শুনেছি। তবে, এই রীতিতে ভারতভ্রমণের ক্ষেত্রে এরপর সে বিশেষ পারদর্শিতা অর্জন করে, এমনকি পকেটে কোনো টাকা না থাকলেও তার পক্ষে ইন্ডিয়া গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসাটা পানির মতো সহজ কর্ম হয়ে দাঁড়ায়। তবে সর্বশেষ ইন্ডিয়া গমন তার দীর্ঘস্থায়ী, সবুজ বাঘের ভাষায় “পরচিম বঙ্গের ডুয়ার্সের চাবাগানে হে নাকি আমোদেই আছে। কুলি কামিনগো নগে চা পাতা ছিড়ে আর মদ গাঞ্জা খাইয়া সাধুর নগাল পইড়া থাকে”।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, তুমি কি শেষ পর্যন্ত মুরগির বাচ্চা হতে পারলে রাজকুমারদা?
আব্দুল করিমের হাড়গুলো কোথায়?
"আমি মরলে আমার হাড়গুলি নিয়েও বাণিজ্য হবে"- বলেছিলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। ২০০৩ এর ১৬ অক্টোবর প্রথমালোতে সেটি ছাপা হয়। এবং মর্মান্তিক হলেও সত্যি, প্রথমালো এই মহান শিল্পীকে যথেষ্ট অত্যাচার করেছে। মারা যাবার কিছুদিন আগেও ভয়াবহ অসুস্থ এই শিল্পীকে তারা বন্ধুসভার মতো একটা চতুর্থশ্রেণীর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এনে হাজির করেছে এবং অসুস্থ শিল্পীকে গান গাইতে বাধ্য করেছে। এই জঘন্য কীর্তিকে আবার তারা তাদের কাগজে মহান কর্ম হিসেবে ফলাও করে ছাপিয়েছেও।
প্রথমালোই শুধু নয়, আমরা যারা শিল্প-সংস্কৃতির সেবায় জান লড়িয়ে দিচ্ছি, আমরাই বা কম কিসে? গিটার-ড্রাম বাজিয়ে তার ভাটিয়ালি ও বাউল ঘরানার গানগুলোকে রক বানিয়ে ফেলেছি, সেটাও মানা যেত, যদি অন্তত তার কথা ও সুরের মূল দিকটা ঠিক রাখতাম। গান লেখার, সুর করার মুরোদ যদি না-ই থাকে, অন্যের লেখা-সুর করা গান তার মতো করেই তো গাইতে হবে, নাকি?
নাগর শিল্পীরা আব্দুল করিমের গান গাইলেন, লন্ডন নিউইয়র্ক থেকে বিভিন্ন শিল্পী ইংরেজি (অথবা হিব্রু-ও হতে পারে, আমি কিছু বুঝতে পারিনি) কিছু ডায়লগ আর কানঝালাপালানিয়া গোলাগুলির শব্দমিউজিকের সাথ তার গানের অ্যালবাম বের করলেন, শুনলাম অনেক বিক্রিও নাকি হয়েছে। কাগজে আর চ্যানেলগুলোতে বস্তার পর বস্তা আলোচনা হচ্ছে, ফেসবুকে আমরা শত শত স্ট্যাটাস আর লিংক পোস্টাইলাম, ক্যাসেট কোম্পানীগুলো তার ক্যাসেটের হাজার হাজার কপি বের করে তুমুল কামিয়ে নিল, প্রচুর শোকসভা হলো বিধান ও অ-বিধানসভায়, কিন্তু লোকটা মারা গেল না খেয়ে, প্রায় বিনা চিকিৎসায়। ছেলে নূর জালালের ভাষ্যমতে, শেষের দিকে আর জাতীয়/আঞ্চলিক পদক আনতে যেতে চাইতেন না, কারণ পদক নিয়ে বাড়ি ফেরার গাড়ি ভাড়া থাকতো না।
ফেসবুকে নজরুল ভাই মন্তব্য করেছিলেন, "এতদিন কিছুই হয় নাই, শাহ্ আব্দুল করিমের গান নিয়ে খেলা এবং ব্যবসা এখন মাত্র শুরু হবে। অপেক্ষা করেন...।"
আব্দুল করিম জানতেন, তাকে নিয়ে ব্যবসা হচ্ছে এবং আরো অনেক হবে। বাংলাদেশের সমাজ-অর্থনীতি-রাজনীতি তিনি ভাল করেই বুঝতেন। বুঝতেন বলেই যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে জন্মনিয়ন্ত্রণপদ্ধতি পর্যন্ত সবকিছুই তার গানে উঠে এসেছে। সমকাল থেকে দূরে থেকে এক আধ্যাত্মিক কূপে বসবাস করেননি তিনি, অন্য অনেক মারিফতি বাউলের মতো। আধ্যাত্মিকতা/বাউলিয়ানা তার সঙ্গীতের ভিত্তি হলেও সমাজ-রাজনীতি-অর্থনীতি তিনি অনুধাবন করেছিলেন বলেই বলে গেছেন, মরার পর হাড়গোড়গুলো নিয়েও ব্যবসা হবে। তবে সেই ব্যবসা এখনো শুরু হয়নি। নজরুল ভাই, অপেক্ষা করতেছি, সেই ব্যবসাটা কবে শুরু হয়, তা দেখার জন্য।
আগামীকাল রাজকুমারের তামসিক খিচুড়ির মজমা
ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের বদান্যতায় সে বার কোনো একজন রাগশিল্পী এসেছিলেন জাহাঙ্গীরনগরে। রাগসঙ্গীতের সেই আসরে রাজকুমার ছিলেন এবং পুরো অনুষ্ঠান-ই তিনি মনোযোগ সহকারে উপভোগ করতেন, যদি না রায়হান ভাই এসে তাকে তুলে নিয়ে যেতেন। ঘটনা হলো, রাজকুমারের স্নাতকোত্তরের ভাইবা ছিল ওইদিন। ভাইবা-তে অনুপস্থিত থাকলে বা ফেইল করলে, লিখিত পরীক্ষায় যতো ভালই করুক না কেন- ফেইল। ব্যাপক অনুসন্ধানের পর রায়হান ভাই, পরীক্ষার সময় শেষ হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর রাজকুমারকে খুঁজে পান এবং বলা বাহুল্য সে বারের মতো রাজকুমারকে ফেইল করার হাত থেকে বাঁচান। তবে কতোটুকু বাঁচাতে পারলেন জানি না, কারণ রাজকুমার তৃতীয় শ্রেণী পেয়েছিলেন, এবং এজন্য তাকে যথেষ্ঠ কাঠখড় পোড়াতে হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পাওয়া খুব কঠিন।
আমরা যারা রাজকুমারের ভক্তকুল, এই তৃতীয় শ্রেণীপ্রাপ্ত একটি মানুষকে তার পরেও পছন্দ করি। কারণ আমরা জানি, এই পুরো সমাজ এবং এই ব্যক্তিকে আলাদা করে ফেলা যায় অনায়াসেই। তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এইসব নিয়ে কখনো মাথা নিয়ে ঘামাননি তিনি, রাজকুমার পড়ুয়া ছিলেন এবং তার স্বাতন্ত্র্য ছিল। বিশ্ববিদ্যালয় পাস করে কোনো চাকরি বাকরি করার থেকে কোনো সাধুসঙ্গে মাসের পর মাস কাটিয়ে দেওয়াটা তার কাছে অনেক লোভনীয় ছিল। অথবা চা বাগানে। কিংবা কোনো আদিবাসী পাড়ায়। সাধারণ পাতার বিড়ি আর দুয়েক কাপ চা- এই হলেই দিন চলে যেতো রাজকুমারের। একটানা কতোদিন শুধু চা আর বিড়ি খেয়ে কাটিয়েছেন রাজকুমার, এই নিয়ে নানা মিথ প্রচলিত আছে, সর্বনিম্ন ৩০ দিন থেকে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত ঘোরাঘুরি করে সেটা, তবে সত্যিটা বোধহয় আরো অনেক কম। ছবি তুলতে ভালোবাসতেন মানুষটি, তবে বিষয় হওয়া চাই অসূর্যস্পর্শা ধরনের। যে ছবি আগে কেউ তোলেনি এমন বিষয় পছন্দ করতেন তিনি, যদিও তুলেছেন অনেক ঘরোয়া ছবিও।
গাঁজা খাওয়ার ব্যাপারটাকে ব্যাপারটাকে রাজকুমার এক শিল্প-সাধনার পর্যায়ে উন্নীত করেছিলেন। সাধারণ নেশাখোরদের মতো না, রাজকুমার এটাকে তার ধর্মের মতো পবিত্র মনে করতেন। তিনি এটাকে বলতেন সিদ্ধি এবং এটা তিনি সাধনার অংশ হিসেবে সেবন করতেন, নেশা করার জন্য নয়। টেবিল বাজিয়ে গান করা ছিল তার প্রিয় স্বভাবগুলোর একটি। কফিল ভাই, শামীম ভাই বা অন্য কোনো শিল্পী থাকলে তিনি শুধু টেবিল-ই বাজাতেন, মাতাল রাজ্জাকের বিচ্ছেদী গানগুলো সেই আসরের প্রধান উপজীব্য ছিল।
রাজকুমার ছিলেন একজন সত্যিকারের ভালো সঙ্গী। যেকোনো জায়গায় যেকোনো মুহূর্তে যেতে প্রস্তুত ছিলেন রাজকুমার, আহ্বান মাত্র সম্মতি এবং যাত্রা শুরু। বিভিন্ন বিষয়ে তার বিস্তর অভিজ্ঞতা ছিল; ভ্রমণে খুব কাজে দিতো। ভ্রমণ হোক আর অন্য যেকোনো জায়গায়, রাজকুমারের মতো একজন সঙ্গী পাওয়া সত্যিই খুব কঠিন। প্রচুর মতবিরোধ সত্ত্বেও পরমতসহিষ্ণুতা ও তানের ঐক্য তাকে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ করে তুলেছিল।
রাজকুমার ধান্দাবাজ ছিলেন না। অর্থ, খ্যাতি, ক্ষমতা অথবা অন্য কোনো মোহ তাকে টানেনি একদম। কোনো রকমে একটু মাথা গোঁজার ব্যবস্থা (মানে ঘর হতে হবে এমন না, রাস্তা হলেও চলে) আর পাতার বিড়ি এবং চায়ের সংস্থান- এই ক’টি জিনিসই তার চাহিদা ছিল। এই সারল্য এই যুগে বিরল। এবং সেই সাথে গুরুত্বহীন। কেননা, ক্ষমতাহীন মানুষকে কেউ সঙ্গী করে না। রাজকুমার-ও তাই চিরকাল ছিলেন নিঃসঙ্গ। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জনের সাথে তার খুব সখ্য ছিল। হয়তো আমাদের যূথ-এর সাথেও তিনি যূথচারী হয়েছেন অনেক সময়। কিন্তু কেউই আমরা তাকে দেইনি (অথবা আমরা নেইনি) স্থায়ী সান্নিধ্য। কেননা আমাদের চলার পথ অনেক উর্ধগামী, অনেক ক্ষমতা, খ্যাতি ও অর্থমুখী। রাজকুমার আমাদের মোহের অনেক নিচ দিয়ে স্বচ্ছ ঝরনার মতো প্রবহমান থেকেছেন সবসময়, এখনও আছেন।
কিন্তু আমরা সবাই এটা জানি, এই স্বচ্ছতা, এই সারল্য এই নিমোর্হ জীবনের প্রতি আমাদের এক অর্ন্তলীন আকর্ষণ আছে। তাই রাজকুমার যখন পাশে নেই, তখন আমরা স্মৃতিকাতর হই। আমাদের নানা রঙে মাখামাখি জীবনে জলীয় স্বচ্ছতার জন্য আকুল হই।
সবুজ বাঘের আহ্বানে আগামীকাল (শুক্রবার ২৩ অক্টোবর) সারাদিন এবং সারারাত আমরা থাকবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। রাজকুমার স্মরণ না, আসলে নিজের বিস্মৃতিকেই জাগিয়ে তোলার একটা চেষ্টা; অনেক গাছ কাটা হয়েছে জানবিবি-তে। তবুও এখনো সেখানে গেলে কেন জানি মনে হয়, সারল্য এখনো অপাঙতেয় নয়।
Autobiography- Eight (ইংরেজিতে এখনো অনূদিত হয়নি, দ্রুতই অনূদিত হয়ে বিশ্বকাব্যভাণ্ডার সমৃদ্ধ করবে)
গৌরচন্দ্রিকা:
হোজ্জার কাছে এক ভদ্রমহিলা আসলেন একটা চিঠি লিখে দেওয়ার অনুরোধ করতে, কারণ তার মেয়ে দূরের গ্রামে থাকে। হোজ্জা বললেন, আমার এখন পায়ে ব্যথা, আমি চিঠি লিখতে পারবো না। মহিলা অবাক হয়ে বললেন, আপনি কি পা দিয়ে লেখেন? হোজ্জা বললেন- চিঠির পাঠোদ্ধার করার জন্য তোমার মেয়ের গ্রামে আমাকে তো পায়ে হেটেই যেতে হবে তাই না?
কবিতার পাঠোদ্ধার আসলে হায়ারোগ্লিফিক্স-এর পাঠোদ্ধারের চেয়ে জটিল। কাব্য-সমালোচকরা যদি কবিতার পাঠোদ্ধারের বদলে সিন্ধুলিপি অথবা উয়ারিলিপির পাঠোদ্ধারের চেষ্টা করতেন তবে ইতিহাস-সংস্কৃতি কিঞ্চিৎ উপকৃত হতো বলে আমার বিশ্বাস। সুতরাং নিচের কবিতাটি পাঠোদ্ধারের চেষ্টা না করেই পড়ুন।
মূল কবিতা:
কার্ল মাক্স বলেছিলেন, এক সময় উৎপাদন ব্যবস্থা এতো উন্নতি করবে যে মানুষকে আর কোনো কাজ করতে হবে না। যন্ত্রই করবে সব, মানুষের অন্তহীন অবসর।
আমি সেই দিনটির অপেক্ষা করছি।
যখন পাখিরা ঘরে ফিরলো কি ফিরলো না
নদীর জীবনে বাকি রইলো কোন্ লেনদেন
এইসব জটিল সরল-অংক করতে হবে না আমাকে।
আদার ব্যাপারির মতো এড়িয়ে যাবো দিশেহারা জাহাজীর সবুজ ঘাসের দ্বীপ দেখার উচ্ছ্বাস।
অন্ধকার নামুক অথবা অন্ধত্ব-
মুখোমুখি তোমার- গন্ধ নেওয়ার
থেকে বেশি কিছু করবো না আর।
সারমর্ম:
কোনো কাজ করতে ভালো লাগে না। (এই অসুস্থতার অজুহাত যদি না শেষ হয়, তবে কেমন হতো, তুমি বলোতো?)
সংবিধিবদ্ধ সর্তকর্তা:
কার্ল মার্ক্সের অন্তহীন অবসরের ভ্রান্ত ধারণাটি নিয়ে কাব্য রচনা করলেও ভুলেও ভাববেন না, তার অন্য সব ভ্রান্ত ধারণাও আমি গ্রহণ করেছি।
সংযোজন ১: সুচৌ-র কবিতার পাঠোদ্ধারের জন্য সুচৌ-এর কাছে আপনারা বঙ্গীয় শব্দকোষ ক্রয়ের নিমিত্তে টঙ্ক কামনা করতে পারেন।
সংযোজন ২: এই সিরিজের পূর্ব ৭টি কাব্য ইংরেজি ভাষায় রচিত হয়েছে, এই কাব্যটিও অচিরেই স্বর্গীয় বর্ণমালায় পরিণতিলাভ করবে। বঙ্গীয় ভাষার মতো একটি পক্ষীভাষা কাব্যসুষমা ধারণের পক্ষে কস্মিন উপযোগী নহে।
আমার ডলফিনগুলো-১
শীতলক্ষ্যার পাড়ে জন্ম আমার। শৈশব কেটেছে ওই নদীকে কেন্দ্র করেই। বৃষ্টি হলেই কেন যেন নদীটা টানতো আমায়। সবার অলক্ষ্যে একটা পানশি অথবা কোশা (কুশা) নৌকা নিয়ে বেড়িয়ে পড়তাম নদীতে। জাল থাকতো নৌকাতেই, না হলে নিয়ে যেতাম সঙ্গে করে। তারপর জাল ফেলে মাছ ধরা। তখন মাছ-ও পাওয়া যেত বেশ। জাল ফেললেই মাছ। পুটি আর ছোট চিংড়ি পেতাম বেশ। তবে অন্য মাছ-ও পেতাম। এমনকি রুই কাতলা বোয়ালের মতো পোষা মাছ-ও পাওয়া যেত। একবার তো বিরাট একটা কালো কুচকুচে তেলতেলে মাছ উঠলো জালে। এই মাছ খাওয়া যায় কিনা, এটা সাপ জাতীয় কিছু কিনা, এই নিয়ে আমি আর সহ-জেলে চাচাতো ভাই গুরুগম্ভীর আলোচনা শুরু করলাম। পরে আমরা সিদ্ধান্তে আসলাম, এটা আসলে শিশুর বাচ্চা। সুতরাং আমরা এটাকে নদীতেই আবার ছেড়ে দেওয়া যাক।
শিশু মাছের নামটা কেন শিশু মাছ হলো, এটা মাকে একবার জিজ্ঞেস করেছিলাম। সেবার চনপাড়া থেকে ইছাখালি পর্যন্ত নৌকা করে আসছিলাম আমরা। গয়না নৌকা - ছৈ দেয়া। মা, আমরা তিন ভাইবোন আর আমার খালু। যদিও খালু, কিন্তু তিনি আবার আমার নানার ভক্তশিষ্য। আমার নানা ছিলেন বাউল ধরনের মানুষ। নিজেই গান লিখতেন, সুর করতেন এবং গাইতেন। স্বভাবতই তার কিছু শিষ্য জুটেছিল। চনপাড়া থেকে রওনা হওয়ার কিছুক্ষন পরেই নতুন চরে এসে মাঝিরা নৌকা ভিড়িয়ে দিল। অনেক দূরের পথ, সুতরাং কিছু খাওয়া দাওয়া করা দরকার। খালু, আমি এবং মাঝিদের একজন চললাম নতুন চরের অস্থায়ী বাজারে। কতো জাতের যে মাছ উঠেছে! শীতলক্ষ্যা যেখানে মেঘনার সাথে মিশেছে, সেটা বেশি দূরে না হওয়াতে সদ্য আহরিত ইলিশ-ও পাওয়া যাচ্ছে সেখানে। আমরা বেছে বেছে শেষমেষ ইলিশ-ই কিনলাম। আরো কিছু বাজারসদাই করে, চরেই রান্নাবান্না করে খেয়েদেয়ে আমরা রওনা হলাম। ঠিক তখনই কয়েকটা বিশাল মাছ লাফিয়ে উঠলো নদীতে, মাকে জিজ্ঞেস করলাম- এই মাছের নাম কি? মা বলে, এদের নাম শিশু। এতো বড়ো মাছের নাম কেন শিশু, তার জবাব মা, খালু বা মাঝিরা কেউ দিতে পারলো না। আমরা তিন ভাইবোন ছৈ-এর ভেতর থেকে বেরিয়ে এসে শিশু মাছেদের খেলা দেখতে লাগলাম। বিশেষ করে চেইন করে করে যে লাফগুলো দিচ্ছিলো, তা ছিল অসাধারণ। মাঝিরা আমাদের সতর্ক করে দিচ্ছিলো- এতো কিনারে যাইও না, পইড়া যাইবা। মাঝিরা বলে বলে পনেরোটা, বিশটা শিশু আছে নদীতে; আমার অবশ্য পরে মনে হয়েছে শত শত শিশু আছে নদীতে।
তখনো আমরা টেলিভিশনে ডলফিনের ব্যাপার স্যাপারগুলো বুঝে উঠতে পারিনি। ডলফিনের বাংলাই যে শুশুক এবং তার স্থানীয় বিকৃতি যে শিশু তা-ও আমাদের মাথায় ঢোকেনি। তবু এতো বিশাল বিশাল মাছেদের এতো শিশুসুলভ কাণ্ডকারখানা আমাদের মুগ্ধ করতো।
বৃষ্টি হলেই তাই নদীতে ছুটতাম। মাছ ধরা তো আছেই, শিশুগুলোর কাণ্ডকীর্তি দেখাও একটা উপলক্ষ ছিল। একবার তো মাছ ধরে যেই না নদীর এক বাঁকে এসেছি, দেখি কি আমার পচাঁত্তরোর্ধ্ব নানা বৃষ্টির মধ্যে নদীর পাড়ে বসে একমনে শিশুর খেলা দেখছে। আমি “ও-ও-ও-ও নানা, একলা একলা বইসা কি করোগো নানাআআ?” বলে যেই না হাঁক দিয়েছি, অমনি তিনি “তফাৎ যা, তফাৎ যা” বলে চেচিয়ে উঠলেন। নানা আমাকে খুব ভালোবাসতেন, সুতরাং তার এই অকস্মাৎ রূঢ় ব্যবহারে দুঃখ পাওয়ার কথা থাকলেও, মোটেই দুঃখ পেলাম না। বরং এই ঘটনার কথা চিন্তা করে সেদিন-ও মজা পেয়েছি, এখনো হাসি পায়। বুড়া একটা লোক ঝুম বৃষ্টির মধ্যে একা একা বসে শিশুর খেলা দেখে! নৌকা উল্টোদিকে ঘুরিয়ে আমি দ্রুত তার চোখের আড়ালে চলে গেলাম। সেদিন-ও একগাদা মাছ ধরেছিলাম। ঢাকায় এনে স্কুলে ভর্তি করিয়ে না দিলে আমি হয়তো জেলেই হতাম একটা। নানা জাত বেজাতের মাছ ধরে সেগুলোকে নতুন চরের বাজারে বিক্রি করে লবন, তেল কিনে নিয়ে বাড়ি ফিরতাম। মাকে বলতাম- নে মা তোর মাছ, তেল, লবন; শিং মাছ আর উচ্ছের ঝোল দিয়ে গরম গরম ভাত খাব আজ।
জেলে হওয়া আর হলো না, তবে সুযোগ পেলেই শিশুগুলোকে দেখতে যেতাম। কয়েকদিন আগেই তো রাজকুমার* সমভিব্যহারে বাড়ি গেলাম। যদিও এখন অনেক রাস্তাঘাট হয়েছে, এখন আর নৌকা করে কেউ যায় না, তবু শিশু দেখার লোভে আমি আর রাজকুমার নৌকা ভাড়া করলাম। পৃথিবীর সব নোংরা আর দুর্গন্ধ সহ্য করতে সক্ষম বলে জানতাম যে রাজকুমারকে, সে-ও পুরো নৌযাত্রাটিতেই রুমাল দিয়ে নাক চেপে রাখলো। আমি কিন্তু নাকে রুমাল দেইনি। কারণ আমি জানি, এই রাস্তা এই ব্রীজ এই কলকারখানা এই সবকিছুর জন্য আমিই দায়ী। আমার স্পষ্ট মনে আছে, আমার বাবা, মামা, খালুরা কতোবার যে মন্ত্রী এমপি-দের কাছে গেছে, রাস্তা করেন, ব্রীজ করেন, ঢাকার এতো কাছে অথচ শিল্পায়ন হলো না, একটু শিল্পায়নের উদ্যোগ নেন, কতো দেন দরবার নিয়ে। অবশেষে রাস্তা হলো, ব্রীজ হলো, শিল্পায়ন হলো, নদীর নতুন চরে এডিবল তেলের কারখানা হলো। আর আমার শিশুরা পচে গলে মিশে গেল শীতলক্ষ্যার পানির সাথে। আমার নিজের অপরাধে আমার শৈশবের সঙ্গীদের মৃত্যু হলো, আর আমি তার পঁচা গলা শরীর মেশানো পানির গন্ধে নাকে রুমাল দেই কিভাবে?
*রাজকুমার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
বাংলাদেশের স্থাপত্য সংরক্ষণের হালচাল
বাংলাদেশে স্থাপত্য (মনুমেন্ট) সংরক্ষণের ব্যাপারটা একেবারেই ঘোলাটে প্রক্রিয়ায় চলছে। কয়েক ধরনের ব্যক্তি/প্রতিষ্ঠান চালাচ্ছেন এই সংরক্ষণ। প্রথমত, সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তাদের নিজেদের কোনো স্থপতি নেই, এবং সাধারণত তারা স্থপতি ভাড়াও করে না। তাদের কোনো কনজারভেটর নেই এবং সাধারণত কনজারভেটর ভাড়াও করে না। কী সব কনজারভেশন হচ্ছে, তা পাহাড়পুর, ময়নামতি এমনকি বাগেরহাটেও এবিসি লেখা ইট দেখলেই আপনি বুঝতে পারবেন। নকশার যে কি বারোটা বাজিয়েছে, তা নিয়ে অনেক গণমাধ্যমের মধ্যে ডেইলী স্টারেরটা আমার কাছে বেস্ট, ওখানে দেখা যাচ্ছে, আগে যেখানে স্থাপত্যটির চারটি দরজা ছিল, এখন সেখানে হয়ে গেছে তিনটি।
পানাম সিটি সংরক্ষণের আগে ও পরে
আরেক দল সংরক্ষণ করছেন, উনারা মূলত স্থপতি এবং প্রকৌশলী। প্রধানত বুয়েটের দখলে এর বাজার, তবে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পাস করা শিক্ষার্থীরাও আছেন। উনাদের একজন (নাম বলছি না, কারণ উনাকে অন্তত এই ব্লগের প্রায় সবাই চেনে) সেদিন আমাকে বললেন, "তুমি কি বলো এইসব? আমি তো দোতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের ওপর চারতলা বসিয়ে দিয়েছি, কোনো সমস্যা হয় নাই।" নির্মাণ প্রকৌশলের দিক থেকে হয়তো সমস্যা হয় নাই, কিন্তু ঐতিহ্যগতভাবে সমস্যা হয়েছে। যে মনুমেন্টটি দোতলা করে বানানো হয়েছিল, সেটিকে সংরক্ষণের নামে চারতলা বানানো আসলে বিকৃতিরই নামান্তর। উনাদের দলের সমস্যার প্রধান কারণ হলো- তাদের দলে ইতিহাসবিদ বা প্রত্নতাত্ত্বিক অথবা সংরক্ষকদের কোনো জায়গা নাই।
(ছবি আছে, কিন্তু দেখাচ্ছি না, বেশি গোমর ফাঁস করে ব্যবসা নষ্ট করতে চাই না)
তৃতীয় যারা সংরক্ষণ করছে, তারা হলো আমরা। আমি নিজে কনজারভেটর, তবে তার চেয়েও বেশি প্রত্নতাত্ত্বিক। আমাদের দলে তাই আমরা বিশেষজ্ঞ সংরক্ষক রেখেছি। রেখেছি মানে আমরা একসাথে মিলেই কাজটা শুরু করেছিলাম। সমস্যা হলো, আমাদের দলে বিশেষজ্ঞ স্থপতি বা প্রকৌশলী নেই, যারা আছেন, তারা ৪/৫ বছর আগে পাশ করেছেন, এখনো তেমন যশ নেই। এই পোস্টটাই দিতাম না যদি তাদের যশ থাকতো। আজকে সকালে একটা মিটিংয়ে যোগ দিতে হয়েছে, যেখানে ওই ডিসিপ্লিনগুলোর বিশেষজ্ঞরা ছিলেন। উনাদের সাথে আমার যে কথোপকথন হয় তা হুবুহু তুলে ধরছি-
- তোমাদের সাথে বিশেষজ্ঞ স্থপতি এবং প্রকৌশলী রাখোনি কেন?
- স্যার, এটাতে খরচ অনেক বেশি পড়ে যায়।
- খরচ বেশি পড়লে তোমরা তোমাদের ক্লায়েন্টদের কাছে বিল করো।
- স্যার, আমি তো ক্লায়েন্টদের কাছ থেকে কোনো টাকা নেই না, আমরা বিনা পয়সায় কাজ করি; বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টরা তো স্যার বিনা পয়সায় কাজ করতে চায় না।
- তোমরা তো এভাবে মার্কেট নষ্ট করছো, একে তো কাজটা ঠিকমতো হচ্ছে না, অন্যদিকে... ইত্যাদি ইত্যাদি।
উনাদের কথার একটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটি হলো, সত্যিই মনুমেন্ট কনজারভেশনের জন্য অবশ্যই বিশেষজ্ঞ স্থপতি/প্রকৌশলীদের সাথে বিশেষজ্ঞ কনজারভেটরদের আর প্রত্নতাত্ত্বিকদের একটা সমন্বয় দরকার। গত ২/১ বছর ধরে আমরা সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমস্যাটা টাকার ক্ষেত্রে, আমরা যেমন বিনা দ্বিধায় দেশের ঐতিহ্য দেশের ঐতিহ্য বলে ডিপিএস ভাঙ্গিয়ে ভবন রক্ষায় ঝাপিয়ে পড়ি, স্থপতি বা প্রকৌশলীরা তেমনটি করতে পারেন না। তাদের কাজের বাজার আমাদের কাজের বাজারের তুলনায় ভালো বলেই এটা হচ্ছে। সেই সাথে জ্ঞান ডিসিপ্লিনের এলিটিক জায়গাও আছে কিছুটা। এতো এলিট একটা ইউনিভার্সিটিতে এতো এলিট একটা ডিসিপ্লিনে পড়ে আমি কিনা ঝোপজঙ্গলে তাবুর ভিতরে পড়ে থাকবো???? আমাদের সাথের এক প্রকৌশলী তো পোকার কামড়ে (পোকা বিষয়ে আগে একটা পোস্ট দিয়েছিলাম) অসহ্য হয়ে কাউকে কিছু না বলে পালিয়ে চলে গেছেন।
যেমনটি বলছিলাম, গত ২ বছরে আমাদের নড়াচড়ার ফলে আমরা কিছু অদ্ভূত অদ্ভূত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। একটা বলি, সমন্বিতভাবে কাজ করার কারণে আমরা প্রায়ই ছাড় দিয়ে কাজ করি। ছাড়ের মাত্রা এমন হয়েছে যে, একটা ভবন সংরক্ষণে যে বাজেট করা হয়েছে, তার ১ শতাংশ রাখা হয়েছে আমাদের দলের জন্য অর্থাৎ সংরক্ষক ও প্রত্নতাত্ত্বিকদের জন্য এবং ৯৯ শতাংশ রাখা হয়েছে স্থপতি ও প্রকৌশলীদের জন্য। তা সত্ত্বেও আমরা হাসিমুখেই কাজটা করে যাচ্ছি, তবু যদি সমন্বয় হয়।
সত্যি বলতে কি, ইউরোপে এমনকি ইন্ডিয়াতেও মনুমেন্ট কনজারভেশনের জন্য আলাদা ডিসিপ্লিন-ই আছে, এই ডিসিপ্লিনের নাম বিল্ডিং কনজারভেশন অথবা আর্কিটেকচার কনজারভেশন। সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকটার বিভাগের শিক্ষার্থীরা এটি পড়েন এবং অন্য ডিসিপ্লিন (এমনকি আর্কিওলজি) থেকেও কেউ পড়তে চাইলে তাকে এক বা দুই বছর স্থাপত্য বিষয়ে ফাউন্ডেশন কোর্স করতে হয়। আমাদের দেশে এই বিষয়টি পড়ানো হয় না, বুয়েটে আর্কিটেকচার কনজারভেশন বলে একটা বিষয় আছে, এবং সেই বিষয়ে শিক্ষক-ও আছেন, কিন্তু গত চার বছরে সেখানে মাত্র একজন ছাত্র ওই কোর্সটি নিয়েছিলেন। আমরা যারা দেশ বিদেশ থেকে কনজারভেশনে ডিগ্রি নিয়েছি, আমরা ওই ২ বছরের ফাউন্ডেশন কোর্সের ভয়ে (অথবা অহেতুক কেন সময় নষ্ট করবো ভেবে) সাধারণ কনজারভেশনেই পড়াশোনা করেছি। এর ফলে একটি ভবনকে কেটে টুকরা টুকরা করে দিলে আমি সেটিকে সংরক্ষণ করতে পারি ঠিকই, কিন্তু একটি স্থাপনার দাঁড়িয়ে থাকার কারিগরি বিষয়টি আমি জানি না। আর সেজন্যই আমাদেরকে প্রকৌশলী ও স্থপতিদের শরণাপন্ন হতেই হয়।
শেষ করে দেই, অনেক বড়ো হয়ে গেল। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো গুগলে বাংলাদেশের স্থাপনা সংরক্ষণ বিষয়ে সার্চ দিয়েছেন। একবার দিয়ে দেখুন। একগাদা খবর পাবেন। আমি একবার ১৭টা ভবন সংরক্ষণের খোঁজ পেয়েছিলাম, বলা বাহুল্য সবগুলোই করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর কিংবা স্থপতি অথবা প্রকৌশলীরা। আমি খুব অবাক হয়ে খেয়াল করেছি, সবগুলো ক্ষেত্রেই ঐতিহ্যের ব্যাপারটি ওভারলুক করা হয়েছে। এই ব্লগে যারা স্থপতি বা প্রকৌশলী আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, নিজেরা না পারলেও অন্তত জুনিয়রদের আর্কিটেকচার কনজারভেশন বিষয়টি পড়তে উৎসাহিত করুন। কারণ, না পড়েও উনারা কাজ ঠিকই করছেন, পড়ে করাটাই ভালো নয় কি? আর আমরা যারা প্রত্নতত্ত্ব বা কনজারভেশন পড়ছি, আমাদের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ কোনো ব্যবস্থা করতে পারেন কিনা, সেটি নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কি হয়।
*****অনেক দ্রুত লিখলাম, বাস ছেড়ে দিবে। অনেক ভুলভ্রান্তি রয়ে যেতে পারে, ক্ষমা করলে বাধিত হবো।*****


